বিএনপিসহ ৩ অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

বিএনপিসহ ৩ অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সংগৃহীত ছবি

বিএনপিসহ দলটির তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা পৌনে ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা শুরু হয়।

দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতবিনিময়ে সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে আরো উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।

রুহুল কবির রিজভী জানান, সভায় দলের নির্বাচনী ইশতেহার এবং সরকারের পরিকল্পনাগুলো নেতাদের কাছে তুলে ধরা হবে।

দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে।