কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন (৫৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে পোস্তগোলা থেকে বাবুবাজারমুখী একটি বাস চলছিল। তেঘরিয়া নতুন রাস্তা এলাকায় এসে বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে পথে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, নিহত আমজাদ হোসেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কাফরুলের উত্তর কাজীপাড়ায় বসবাস করতেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।