যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান

যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান

ফাইল ছবি

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে। 

গতকাল সোমবার বিকালে রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে ২০ দলীয় লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই কীভাবে দেশের যুব সমাজকে সুসংগঠিত করা যায়, কীভাবে খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট করা যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। যুব ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্কুল পর্যায় থেকেই ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা চালু করবেন। আমরা মনে করি, স্কুল থেকেই এমন আয়োজন শুরু হওয়া প্রয়োজন। 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসএসসি-২০১৯ ব্যাচ বিজয়ী হয়, রানার্সআপ হয় এসএসসি-২০১৬ ব্যাচ। খেলাটি পরিচালনা করেন মো. ওমর ফারুক ও মাহফুজুর রহমান মাহফুজ। শেষ পর্বে প্রধান অতিথি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

চিরিরবন্দর উপজেলার ইছামতি সামাজিক উন্নয়ন সংঘ ও নজরুল পাঠাগার ও ক্লাবের উদ্যোগে আলোকডিহি জার বকস্ উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের (আইইআর) অধ্যাপক শাহ্ শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রংপুর বিভাগীয় গবেষণাগারের সিনিয়র সাইন্টিফিক অফিসার ও ইনচার্জ ড. সফিনুর রহমান, চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিনসহ অন্যরা।