মাছ শিকারিদের উল্লাসধ্বনিতে মুখর গোমতীর দুই পাড়
সংগৃহীত ছবি
কুমিল্লার গোমতী নদীতে মাছ ধরার তিন দিনব্যাপী পলো উৎসব শুরু হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে শুরু হওয়া এ উৎসব চলে বুধবার পর্যন্ত।
সরেজমিনে গোমতী নদীর আদর্শ সদর উপজেলার টিক্কারচর ও চানপুর এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন বয়সের সৌখিন মাছ শিকারি উৎসবে অংশ নিয়েছেন। তারা পলো, ছিটাজাল, মই জালসহ নানা দেশীয় সরঞ্জাম নিয়ে নদীতে নেমে হাঁকডাক দিয়ে মাছ ধরছেন।
নদীর বিবিরবাজার এলাকায় গিয়ে দেখা যায়, কেউ পানিতে ডুব দিয়ে, আবার কেউ কনুই জাল দিয়ে মাছ শিকার করছেন। একজন বড় মাছ ধরতে পারলেই শিকারিদের উল্লাসধ্বনিতে মুখর হয়ে ওঠে গোমতীর দুই পাড়। এ সময় হাজারো দর্শক নদীর তীরে ভিড় জমিয়ে উপভোগ করছেন এ উৎসব।
স্থানীয়রা জানান, প্রতি বছরই তারা এ মাছ ধরার উৎসবের জন্য অপেক্ষা করেন। নির্দিষ্ট দিন ঠিক করে হাট-বাজারে ঘোষণা দেওয়া হয়। এরপর নির্ধারিত দিনে সবাই একত্রিত হয়ে উৎসবে অংশ নেন।
চৌদ্দগ্রাম উপজেলার রতন শিকদার জানান, আজ পলো দিয়ে দু’টি বাগাইর মাছ পেয়েছি। তিনদিন ধরে এ উৎসব চলবে। আমাদের একজন সর্দার আছেন, তিনিই দিনক্ষণ ঠিক করে সবাইকে জানান।
নাঙ্গলকোট উপজেলার সিরাজ মিয়া ও কচুয়া উপজেলার প্রবাসী ছিদ্দিকুর রহমান বলেন, ঈদের ছুটিতে সবাই মিলে পলো দিয়ে মাছ ধরার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আজ প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অন্তত সাড়ে তিনশ মাছ শিকারি নদীতে নেমেছেন। বোয়াল, রুই, কার্পসহ বিভিন্ন মাছ ধরা পড়েছে। এর মধ্যে প্রায় ৮ কেজি ওজনের বাগাইর মাছও পাওয়া গেছে।
তারা আরও বলেন, এটি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। সবাই মিলে মাছ ধরার মধ্যে আলাদা আনন্দ রয়েছে।