মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

প্রতিকি ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে জায়েদ হোসেন (২২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী নারীকে এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি পরিত্যক্ত বাড়ির ছাদে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। 

এছাড়া বিক্ষুব্ধ জনতা জায়েদের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পরিবারের সদস্যদের মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা যায়।

জায়েদের চাচা মো. লাভলু অভিযোগ করেন, ‘কিছু যুবক পরিকল্পিতভাবে ওই নারীর সঙ্গে ছবি তুলে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করেছে। পরে রাতেই প্রায় দেড় শতাধিক লোকজন আমাদের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের নারী সদস্যদের মারধর করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। জায়েদ অপরাধ করে থাকলে তার বিচার হোক, কিন্তু নিরপরাধ পরিবারের ওপর হামলা কেন?’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, ‘অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন নারীকে এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’

এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জায়েদ একটি ফেসবুক পেজের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সংবাদ পরিবেশন করতেন এবং নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, পূর্ব শত্রুতার জেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাদের মতে, অভিযুক্ত যুবক সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাতেন, যার কারণে এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল।