চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
সংগৃহীত ছবি
চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুর ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে আমাদের যতগুলো আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনের মূল উদ্দেশ্যে ছিল প্রাপ্য অধিকার নিয়ে। এজন্যই আমরা সকলে বার বার একত্রিত হয়ে আন্দোলন-সংগ্রাম করেছি।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের বিশেষভাবে সম্মান দিচ্ছেন। আজকের এই আয়োজন তারই প্রমাণ। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ চালাচ্ছেন তাতে আমার বিশ্বাস বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। সেই এগিয়ে যাওয়ার পথ ধরে চাঁদপুরকেও এগিয়ে নিয়ে যেতে চাই। যাতে করে চাঁদপুরে চরাঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ সমভাবে সেবা পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: রবিউল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হামিদ মাষ্টার, সিলাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আহবায়ক মো. আব্দুস সামাদ খান, সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব ড. কাজী হাসেম, প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব মো. শাহজাহান গাজী, সদস্য সচিব মো. শাহজাহান গাজী।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের হাতে উপহার তুলে দেন।