চট্টগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সংগৃহীত ছবি
চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নগরীর উত্তর কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে প্রথমে শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। পরে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ ও রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
সূর্যোদয়ের পর নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও গার্ল গাইডস সদস্যরা অংশগ্রহণ করে।
এছাড়া নগরীর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।