পঞ্চগড়ে শিলাবৃষ্টি-ঝড়ো বাতাস, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
সংগ্রহীত ছবি
পঞ্চগড়ে ঝড়ো বাতাস আর শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাসে সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ মিনিটের শিলাবৃষ্টিতে ভুট্টা, মরিচ, পেঁয়াজের বীজসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া মানুষের ঘরবাড়ির টিন ছিদ্র হওয়ারও খবর পাওয়া গেছে।
মধ্যরাতে আরেক দফা ঝড়ো বাতাসে অনেকের গাছপালা ভেঙে পড়ে। রেললাইন, রাস্তাঘাটেও গাছ ভেঙে পড়তে দেখা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টি হচ্ছে।
১ এপ্রিল পঞ্চগড়ে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।