মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
প্রতিকি ছবি
মাদারীপুরের রাজৈর উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী রুমি বেগমের (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
শনিবার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি বেগম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুমির মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১২ সালে রাজৈর উপজেলার গোবিন্দপুর এলাকার রুমি বেগমের সঙ্গে শিপন মোল্লার বিয়ে হয়। তাদের সংসারে ১২, ৪ ও ৩ বছর বয়সী দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ চলছিল বলে জানা যায়।
নিহতের বড় বোন সুমি আক্তার অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। গতকাল রাত ১০টার দিকেও তার সঙ্গে কথা হয়েছে। সে কীভাবে আত্মহত্যা করে? তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
এ বিষয়ে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।