সান্তাহারে হা-মীম পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা
সংগ্রহীত ছবি
মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড় এলাকায় হা-মীম ফিলিং স্টেশন নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পর পাম্পের মজুদ তেল ভোক্তাদের মধ্যে ফের বিক্রি শুরু হয়।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, শনিবার মোটরসাইকেল চালকরা পেট্রল নিতে গেলে হা-মীম ফিলিং স্টেশন থেকে চালকদের জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রল নেই।
তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে যান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পাম্পে তেলের মজুদ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করার অপরাধে হা-মীম ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীন ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।