চট্টগ্রামে ভবনের ছাদ থেকে লাফিয়ে যুবক আহত, ভিডিও ভাইরাল
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর চকবাজার থানার গুলজার টাওয়ার নামে একটি ভবনের ছাদ লাফ দিয়ে থেকে গুরুতর আহত হয়েছেন এক অজ্ঞাত যুবক। রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, ঈদের ছুটি শেষে মার্কেট খোলার সময় গুলজার টাওয়ারের দোকানিরা ব্যস্ত ছিলেন। কোনো এক ফাঁকে ওই যুবক ভবনের ছাদ উঠে পড়েন। উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা তাকে নামানোর চেষ্টা করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ছাদ থেকে লাফ দেন। নিচে পড়ার সময় ওই যুবক একটি ব্যানারে আটকে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, ওই যুবক লাফ দেওয়ার সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি তাকে আটকানোর চেষ্টা করেও পারেননি। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নিউরো সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের খুঁজে বের করা হবে।