ফরিদপুরের ভাঙ্গায় পেট্রল বিক্রি না করায় পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা
সংগ্রহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় দুইটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ফিলিং স্টেশন জ্বালানি তেলের অভাবে বন্ধ পাওয়া যায়। অপর পাম্পে ডিজেল ও অকটেন সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রল বিক্রি বন্ধ রাখায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (২৯ মার্চ) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম।
তিনি জানান, রবিবার বিকেলে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ফুয়েল পাম্প স্টেশন ও খোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে সুগন্ধা ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রল সরবরাহ বন্ধ পাওয়া যায়। পরে পেট্রল ট্যাংক পরিদর্শনকালে কিছু পরিমাণ পেট্রল অবশিষ্ট পাওয়া যায়। এ প্রেক্ষিতে সুগন্ধা ফিলিং স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেনকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
এ ছাড়া কণা ফিলিং স্টেশনটি অভিযান পরিচালনাকালে বন্ধ পাওয়া যায়। পরে ট্যাংক পরিদর্শনকালে মালিকপক্ষের দাবির সত্যতা পাওয়া যায় এবং ট্যাংক ড্রাই পাওয়া যায়। জ্বালানি তেল প্রাপ্তি সাপেক্ষে ফিলিং স্টেশনটি চালু করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া মালিগ্রাম বাজারে অভিযান পরিচালনা করে খোলা বাজারে তেল বিক্রির অভিযোগের কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।