চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
তেলমাপক যন্ত্রে কারচুপি, পরিমাণে কম দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলা এলাকার ভালাইপুর মোড় ও দৌলতদিয়াড়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জ্বালানি তেল, ঔষধ, সার ও বীজ তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণ করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ভালাইপুরের আব্দুল কুদ্দুস-এর প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে সার বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেল পরিমাপে কারচুপি ৫ লিটার তেলে ৩০০ মিলিলিটার কম ও পরিমাপক যন্ত্রে কারচুপি করার জন্য মশিউর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান অটো মোবাইলকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।