আইসিইউ না পেয়ে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর অভিযোগ

আইসিইউ না পেয়ে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর অভিযোগ

প্রতিকি ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ না পেয়ে হামের উপসর্গ নিয়ে কাশফি আক্তার নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন নাটোরের (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া।

মৃত কাশফি নাটোর সদরের বড় হরিশপুরের ঋসি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সিভিল সার্জন বলেন, শিশুটি হামের উপসর্গ নিয়ে চারদিন ধরে নাটোরের আধুনিক সদর হাসপাতালে ভর্তি ছিল। তবে আইসিইউ সুবিধা না থাকায় কাশফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে হামের প্রার্দুভাব মোকাবিলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয়, নাটোর জেলাজুড়ে এখন পর্যন্ত ৩৮জন হামে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শুধু নাটোর আধুনিক সদর হাসপাতালে ১৩জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই শিশু। নাটোর সদরের ১৩ শিশুর মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।

সভায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, হামের উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালে এজন্যে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।