ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল-অকটেন নিতে ‘রঙ থেরাপি’

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল-অকটেন নিতে ‘রঙ থেরাপি’

সংগৃহীত ছবি

সরবরাহ সংকটের মুখে জ্বালানি তেল তেল নিতে গিয়ে পাম্পে বিপাকে পড়ছেন মোটরসাইকেল চালকরা। এক পাম্প থেকে আরেক পাম্প স্টেশনে ছুটতে গিয়ে মোটরসাইকেলের অবশিষ্ট তেল শেষ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

এমন পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায়র আখাউড়া উপজেলার তন্তর বাজারের এক ব্যবসায়ী ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। তিনি সঠিক দামে তেল বিক্রি করছেন এবং তেল নেওয়ার পর যানবাহনের চাকায় রঙ দিয়ে দিচ্ছেন। একেক দিন একেক রঙ চাকায় লাগিয়ে দেওয়া হচ্ছে।

একই চালক যেন একবারের বেশি তেল নিতে না পারেন, সেই দিক বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।আখাউড়া উপজেলার তন্তর বাজারের হেলেনা হাজারী এন্টারপ্রাইজ থেকে মোটর সাইকেল চালকরা তেল সংগ্রহ করেছেন।

ওই প্রতিষ্ঠানে সরকারের নির্ধারিত মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রি করা হয়। একেকজন চালককে দুই লিটার করে তেল দেওয়া হয়। তেল দেয়ার পর মোটরসাইকেলের চাকায় নীল রঙয়ের আঁচড় দেওয়া হয়।

বিকেলে তেল নিতে আসা আরিফুর রহমান নামে এক মোটর সাইকেল আরোহী বলেন, সরকারের নির্ধারিত মূল্যে তেল দেওয়ার মোটরসাইকেলের চাকায় রঙ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে হেলেনা হাজারী এন্টারপ্রাইজের মালিক আবুল হোসেন হাজারী বলেন, আমার পাশের একটি পাম্প বন্ধ রয়েছে। তেল কম পায় বলে তাদের গাড়ি ভাড়া দিয়ে পোষায় না। আমি যতটুকু তেল পাচ্ছি সেটা কম করে বিক্রি করছি। একজন যেন একাধিকবার তেল নিতে না পারেন, তাই রঙ দেওয়া হচ্ছে।

আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, জ্বালানি তেলের তেলের বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।