গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
প্রতিকি ছবি
গোপালগঞ্জে ধান খেতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইন্দ্রজিত মন্ডল (২৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ইন্দ্রজিত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষীতিশ মন্ডলের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে দিকে আন্দারকোটা গ্রামের করম আলী মৃধার ধান খেতে সেচ দেওয়ার জন্য পাম্প চালাতে যান ইন্দ্রজিত মন্ডল।
এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। রাতে ওই পাম্প ঘরে ইন্দ্রজিতের মরদেহ পড়ে থাকতে দেখে
পরিবারের লোকজন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। আইনি প্রক্রিয়া শেষে কৃষকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।