যুদ্ধ বন্ধে পুতিন সৌদি যুবরাজের ফোনালাপ

যুদ্ধ বন্ধে পুতিন সৌদি যুবরাজের ফোনালাপ

ফাইল ছবি।

মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের অবসানে ফোনালাপে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।একইসঙ্গে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস-এর অভ্যন্তরীণ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুই নেতার মধ্যে ফোনালাপ শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি, বেসামরিক হতাহতের ঘটনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, উভয় পক্ষই দ্রুত সংঘাত বন্ধ এবং এই সংঘাতের একটি দীর্ঘমেয়াদী সমাধান অর্জনের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার তাগিদ দিয়েছেন।

যুদ্ধের কারণে জ্বালানি উৎপাদন ও পরিবহনের সমস্যাগুলো বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করা হয়েছে।

এই ফোনালাপটি এমন এক সময়ে হলো, যখন তেহরানের ড্রোন হামলা মোকাবিলার জন্য সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফোনালাপে তেলের বাজার স্থিতিশীল করতে ওপেক প্লাস-এর আওতায় রাশিয়া ও সৌদি আরবের অংশগ্রহণে পরিচালিত যৌথ কাজের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।