গোপালগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে সরকারের নির্বাচনী অঙ্গীকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগ চত্বরে চারাগাছ রোপণ করে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম পৃথকভাবে সেখানে বৃক্ষের চারা রোপণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ দোয়া করা হয়।
গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম বলেন, নির্বাচনী ইশতেহারে সরকার ৫ বছরে ২৫ কেটি বৃক্ষ রোপণের অঙ্গীকার করেছিল। এজন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে বৃক্ষ রোপণের টার্গেট দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আমরা এ কর্মসূচি শুরু করেছি। গোপালগঞ্জ সড়ক জোন থেকে এ বছর ১৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে। আগামী মে-জুনের মধ্যে আমরা বৃক্ষ রোপণ করে ফেলবো।
তিনি আরও বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ১৫ থেকে ২০ প্রজাতির বৃক্ষের চারা রোপণের জন্য সরবরাহ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। প্রকৃতি সবুজায়ন হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে বলেও এ কর্মকর্তা জানান।