চরমোনাইয়ে নোঙ্গর করা লঞ্চের কেবিনে অগ্নিকাণ্ড

চরমোনাইয়ে নোঙ্গর করা লঞ্চের কেবিনে অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি

বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলের ঘাটে থাকা এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের একটি দ্বৈত শয্যার কেবিনে অগ্নিকাণ্ড হয়েছে। বুধবার রাত আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন।

ওসি আল মামুন উল ইসলাম জানান, চরমোনাই ঘাটে থাকা কীর্তনখোলা-১০ লঞ্চের ৩২৫ নম্বর কেবিনে অগ্নিকাণ্ড হয়েছে। লঞ্চের কর্মচারী ও মুসল্লিরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডে কেবিনের বিছানা ও মুসুল্লীদের মালামাল পুড়ে গেছে। 

মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরিয়তুল্লাহ জানান, চরমোনাই ঘাটে বিলাসবহুল অনেকগুলো লঞ্চ নোঙর করা আছে। কীর্তনখোলা নদীতে নোঙর করা অবস্থায় থাকা প্রত্যেকটিতেই মুসল্লিরা রাত্রিযাপন করেন। কীর্তনখোলা-১০ লঞ্চটির ৩২৫ নম্বর কেবিন থেকে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। তবে লঞ্চের স্টাফ ও উপস্থিত মুসল্লিদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সময় কেবিনে কেউ অবস্থান করেননি। তবে কেবিনের ভেতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হলেও বাইরের আগুন ছড়ানোর সুযোগ পায়নি।