ভারত সীমান্ত নিয়ে বালেন্দ্র শাহর মন্তব্যে উত্তপ্ত নেপাল
ছবিঃ সংগৃহীত।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর এক বক্তব্য ঘিরে দেশটির রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।পার্লামেন্টে রবিবার দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, শুধু ভারতই নয়, নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। এ মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং বিভিন্ন শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠন পালন করে বিক্ষোভ কর্মসূচি।
সংসদে এক প্রশ্নের জবাবে শাহ বলেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পেরেছেন যে দুই দেশই একে অপরের কিছু এলাকা দখল করে রেখেছে। এ সমস্যা সমাধানে দুই পক্ষের আলোচনায় বসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি সীমান্ত বিরোধ নিয়ে নেপাল ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও দিয়েছে ভারত।
তিনি বলছিলেন, ‘জবাবে বলা হয়েছে, দুই সরকার ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও ভূখণ্ড বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে দল গঠন করবে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে।’
বালেন্দ্র জানান, সীমান্ত বিরোধের বিষয়ে চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও কূটনৈতিক আলোচনা করেছে নেপাল।
তার ভাষায়, ‘আমরা শুধু ভারত ও চীনের সঙ্গেই নয়, যুক্তরাজ্য সরকারের সঙ্গেও কথা বলেছি। আমাদের মত হলো, ব্রিটিশ ভারত যখন অঞ্চলটি ছেড়ে যায়, তখন থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।’
এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী সংগঠন ও নেপালি কংগ্রেসের যুবসংগঠন।
সোমবার কাঠমান্ডুর মৈতিঘর মণ্ডলায় বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ‘সার্বভৌমত্ব রক্ষা করি’ স্লোগানে বিক্ষোভ করে। তারা বালেন্দ্রর বক্তব্যকে ‘রাষ্ট্রবিরোধী’ বলে অভিযোগ তোলে।
একই স্থানে শান্তিপূর্ণ মিছিল বের করে এবং প্রধানমন্ত্রীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নিন্দা জানায় নেপালি কংগ্রেস-ঘনিষ্ঠ তরুণ দল।
পার্লামেন্টে বালেন্দ্র শাহর দেওয়া বক্তব্যের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।