বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, রিকশাচালকের মৃত্যু
ফাইল ছবি
বগুড়ায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলায় তাপমাত্রা ওঠে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। বগুড়া আবহাওয়া অফিস এটিকে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে নিশ্চিত করেছে।
এদিন বেলা দুইটার দিকে শহরের মালতীনগর বকশীবাজার আবু সামাদ (৫৫) নামের এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আবু সামাদ সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে পাশের একটি ভবনের নিচে বসিয়ে দেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।