সিদ্ধিরগঞ্জে মার্কেটে দুঃসাহসিক চুরি

সিদ্ধিরগঞ্জে মার্কেটে দুঃসাহসিক চুরি

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী এ রহমান মার্কেটের ‘নূর জাহান টেলিকম’ নামক একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. শিপন জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন ভোরে মার্কেটের গেট খোলার পর দোকানে এসে দেখেন সাটারের তালা ভাঙা এবং ভেতরে থাকা মালামাল চুরি হয়ে গেছে। অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরচক্র দোকানে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে— ইনটেক প্যাকেটজাত ৪৩টি এবং সার্ভিসিংয়ের জন্য রাখা ৯টিসহ মোট ৫২টি মোবাইল ফোন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ক্যাশ বক্সে থাকা ২০ হাজার টাকা নগদ অর্থ এবং ৫টি পাওয়ার ব্যাংক চুরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ভোরে গেট খোলার সুযোগকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে। 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, চুরির ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।