হৃদয়ভাঙা হারের পর বিদায়ের ইঙ্গিত লেভানদোভস্কির
সংগ্রহীত ছবি
বিশ্বকাপ বাছাইপর্বে স্বপ্নভঙ্গের বেদনা যেন গভীরভাবে নাড়া দিয়েছে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিকে। গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।
ইউরোপ অঞ্চলের বাছাইয়ের প্লে-অফের চূড়ান্ত লড়াইয়ে সুইডেনের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল পোল্যান্ড। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দৃঢ়তা দেখিয়ে সমতায় ফিরে আসে দলটি। এতে করে বিশ্বকাপে খেলার আশা জোরালো হয়।
কিন্তু নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে গোল হজম করে সেই স্বপ্ন ভেঙে যায়। ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপে ওঠার সুযোগ হারায় পোল্যান্ড। সুইডেনের হয়ে জয়সূচক গোলটি করেন ভিক্তর ইয়োকেরেশ।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় ভেঙে পড়েন লেভানদোভস্কি। মাঠেই তাকে নুয়ে পড়তে দেখা যায়, যা ফুটবলপ্রেমীদের মনেও দাগ কেটে যায়। ৩৭ বছর বয়সী এই তারকার জন্য এটি হতে পারে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সূচনা এমন ধারণাই জোরালো হচ্ছে।
ম্যাচের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন লেভানদোভস্কি, যেখানে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। ছবিটির সঙ্গে তিনি ‘টাইম টু সে গুডবাই’ গানটি যুক্ত করেন। এই পোস্ট ঘিরেই তার অবসর নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।
তবে ম্যাচ-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি তিনি। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কিছু বলতে চাননি পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার।
জাতীয় দলের হয়ে ১৬৫টি ম্যাচে ৮৯টি গোল করা লেভানদোভস্কি বলেন, ‘এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত জানানোর মতো অবস্থায় আমি নেই। আগে ক্লাবে ফিরে যেতে চাই। মৌসুমে এখনও কিছু খেলা বাকি আছে। নিজের ভেতরের কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে, তারপরই সিদ্ধান্ত নেব।’
তার এই বক্তব্যে পরিষ্কার, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভাবনায় আছেন তিনি। ফলে পোল্যান্ডের ফুটবল ভক্তদের মধ্যে অনিশ্চয়তা ও আবেগ দুটোই একসঙ্গে কাজ করছে।