চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকেই সূর্যের তীব্র তাপ আর গরম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো জনপদ। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের জীবনে। দুপুর গড়াতেই তাপমাত্রা আরো বেড়ে যায়। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেককেই ছায়ার খোঁজে রাস্তার পাশে কিংবা দোকানের সামনে আশ্রয় নিতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ তাপপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই।