নওগাঁয় সড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার
প্রতিকি ছবি
নওগাঁর পোরশায় সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল ও ডাকাতিকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতাররা হলেন নওগাঁ সদর থানার দোগাছী (দক্ষিণপাড়া) গ্রামের গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর থানার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ (৪৬), সাপাহার থানার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)।
পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ রাতে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড়ের পূর্ব পাশে একটি ব্রিজের ওপর ডাকাতরা সড়কের দুই পাশে রশি টেনে সড়ক অবরোধ করে। রাত ৮টার দিকে ওই পথে যাওয়া তিন মোটরসাইকেল আরোহীকে আটক করে তারা। এর কয়েক মিনিট পর আরও একটি মোটরসাইকেলে আসা তিন আরোহীও তাদের কবলে পড়ে।
ডাকাতরা ছয়জনকে জিম্মি করে পাশের আমবাগানে নিয়ে যায়। সেখানে তাদের হাত-পা বেঁধে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটনফোন ও দুটি ১২৫ সিসির মোটরসাইকেল লুট করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করেন।
মামলার ১৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ থেকে এই চার ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।