দেম্বেলের জোড়া গোলে পিএসজির জয়
উসমান দেম্বেলে
প্রথমার্ধে দশ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এগিয়ে নিলেন উসমান দেম্বেলে। শেষ দিকে জালের দেখা পেলেন গনসালো রামোস। তুলুসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করল পিএসজিও।
ফরাসি লিগ আঁ’য় শুক্রবার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সিসে ৩-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল।
গোল শোধ করেন রাসমাস নিকোলেইসেন। পুরো ম্যাচে এই একটি শটই রাখতে পারে সফরকারী দলটি।
বাকি সময়ে ছড়ি ঘোরায় পিএসজি। ম্যাচে ৭৪ শতাংশ সময়ই বলের নিয়ন্ত্রণ ছিল তাদের অনুকূলে। গোলের জন্য ১২টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে শিরোপাধারীরা।
ম্যাচের ২৩তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন দেম্বেলে। চার মিনিটের মাথায় সমতায় ফেরে তুলুস। ৩৩তম মিনিটে আবারও দলকে এগিয়ে নেন দেম্বেলে। এরপর জোর প্রচেষ্টা চালিওয়ে মিলছিল না জালের দেখা। অবশেষে শ্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন রামোস।
২৭ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে লঁস।
২৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে তুলুস।