ভিক্ষাবৃত্তি নির্মূল করতে উদ্যোগ নিয়েছে সরকার: এমপি বাবুল
সংগৃহীত ছবি
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল বলেছেন, ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। বর্তমান সরকার ভিক্ষাবৃত্তি নির্মূল করতে ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে, দক্ষকর্মী হিসেবে গড়ে তুলে বা উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলে একদিন তারাও দেশের অর্থনীতিতে অবদান রাখবে। সরকার সে লক্ষ্যে কাজ করছে।
শনিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত সরকার ভিক্ষুক পুনর্বাসনের নামে কি করেছে তা দেশের মানুষ জানে। আমরা তা বলতে চাই না, দেশের মানুষ এসব মূল্যায়ন করবে।’
এমপি আরও বলেন, প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক ভিক্ষুককে ৫০ হাজার টাকা মূল্যের দোকানঘরসহ দোকানের পসরা দেওয়া হয়েছে। তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন ব্যাবসা করে তাদের পরিবারকে সচল রাখবেন। আজ যে যাত্রা শুরু হলো, তা পর্যায়ক্রমে সফল করে গোটা দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামানিক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপু