টঙ্গীতে সন্ধ্যার পরও দোকানপাট খোলা, মানছেন না সরকারি নির্দেশনা
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে সন্ধ্যার পরও দোকানপাট খোলা রাখছেন ব্যবসায়ীরা। জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও এর কোন বালাই মানছেন না বিভিন্ন মার্কেট ও শপিং মলের ব্যবসায়ীরা।
নগরীর বিভিন্ন এলাকায় মার্কেট ও শপিং মলের ব্যবসায়ীরা আগের মতোই খোলা রেখেছেন অধিকাংশ দোকানপাট। তবে ব্যবসায়ীরা বলছেন মার্কেট বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। তাই তারা আগের নিয়মেই দোকান খোলা রেখেছেন।
এদিকে টঙ্গী বাজার সাপ্তাহিক হাট আগামী রবিবার কিন্তু কাপড়ের হাট বসবে আজ শনিবার রাতে। তবে এই হাটের ইজারাদাররা সরকারি নির্দেশনা মানবে কি না এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা আলোচনা। আবার কেউ কেউ বলছেন ইজারাদারা প্রশাসনকে ম্যানেজ করে ক্ষমতার দাপটে খাটিয়ে রাতেই দোকান বসিয়ে ইজারা আদায় করবেন। কিসের সরকারি আইন কানুন।
এ বিষয়ে টঙ্গী বাজার ইজারা আদায়কারী একব্যাক্তি মো. জসিম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সরকারি নির্দেশনা অবশ্যই সবাইকে মানতে হবে। সন্ধ্যার পর মার্কেট ও শপিংমল খোলা রাখা যাবে না। সরকারি নির্দেশনা না মানলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।