সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে সানারপাড় কান্দাপাড়া এলাকার টিএফ ফ্যাশন কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসীম উদ্দীন কুমিল্লার মুরাদনগরের মৃত আবদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কারখানার প্রধান ফটকে দীর্ঘ সময় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় একটি কক্ষে মশারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।