মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ১
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জে একটি বিদেশি পিস্তল, দুই ম্যাগাজিন ও সতেরো রাউন্ড গুলিসহ মাহফুজুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়। আটক মাহফুজ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গোসাইবাগ এলাকার মো. বাবুল হোসেনের ছেলে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে মাহফুজুর রহমানের নিজ বাসায় অভিযান চালান। এ সময় নিজ শয়ন কক্ষের প্লাষ্টিকের ওয়্যারডফ-এর ডয়ার থেকে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও সতেরো রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আরও জানানো হয়, অবৈধ আগ্নেয়াস্ত্রেটির উৎস এবং ব্যবহারের ক্ষেত্র নিয়ে ব্যাপক তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।