রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ রোগী শনাক্ত
প্রতিকি ছবি
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা নতুন করে ৭ জন রোগী শনাক্ত হয়েছে।রবিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ৩ জন এবং পঞ্চগড় জেলায় ৪ জন হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।
গত ৩০ মার্চ থেকে রবিবার সকাল পর্যন্ত বিভাগে মোট ৯৩ জন হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত বিভাগে হামের উপসর্গে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও ৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটির শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ১৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ভর্তি হওয়া ২৭ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম তানভীর চৌধুরী জানান, সংক্রমণ রোধে আক্রান্তদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্তদের থেকে দূরত্ব বজায় রাখা এবং শিশুদের নিরাপদে রাখা জরুরি।