পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
প্রতীকী ছবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে প্রতিবেশীর বাড়ি থেকে গাভীর দুধ নিয়ে ফেরার পথে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় রবিবার (৫ এপিল) একটি মামলা হয়েছে।
ধর্ষক রিফাত মিয়া (১৯) ঘটনার পর থেকে পলাতক। অসুস্থ ওই শিক্ষার্থীকে রবিবার সন্ধ্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত রিফাত একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ভবানীপুর গ্রামের নির্যাতিত শিশু কন্যাটি স্থানীয় বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার সন্ধ্যার পর প্রতিবেশীর বড়ি থেকে দুধ নিয়ে বাড়ি ফেরার পথে তার পথরোধ করে রিফাত মিয়া। পরে জোর করে মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রিফাত মিয়া পালিয়ে যায়।
পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুতর অসুস্থ শিশুটিকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠান হয়।
এ ঘটনায় শিশুটির বাবা রবিবার বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযুক্ত রিফাত মিয়ার নামে মামলা দায়ের করেছেন।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার ঘোষ জানান, শিশুটি শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান রাতে জানান,অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।