কুতুবদিয়ায় কালবৈশাখীর তাণ্ডবে নৌকাডুবি, জীবিত উদ্ধার ৯
ফাইল ছবি
কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকায় রাতের কালবৈশাখী ঝড় ও প্রবল বাতাসের কবলে পড়ে একটি বোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বোটে থাকা ৯ জন মাঝি-মল্লা পানিতে ভাসতে থাকেন।
জানা যায়, হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে করে বোটে থাকা সকল মাঝি-মল্লা প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেন এবং দীর্ঘ সময় পানিতে ভাসমান অবস্থায় ছিলেন। পরে অমজাখালী এলাকার শাহাজান কোং-এর একটি বোটের নুরু মাঝি ও তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তাদের তৎপরতায় পানিতে ভাসমান ৯ জন মাঝি-মল্লাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া মাঝি-মল্লারা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে বোটডুবির ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, হঠাৎ করে সৃষ্ট কালবৈশাখী ঝড়ের কারণে সাগরে থাকা ছোট বোটগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে। তারা এমন দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার দাবি করেছেন।