নারায়ণগঞ্জে লাইসেন্স ছাড়া ভোজ্য তেল বিক্রি, জরিমানা ২ লাখ

নারায়ণগঞ্জে লাইসেন্স ছাড়া ভোজ্য তেল বিক্রি, জরিমানা ২ লাখ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে লাইসেন্স ছাড়া ভোজ্য তেল মোড়কজাত, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজা।

জানা গেছে, নারায়ণগঞ্জে একটি ভোজ্য তেল মোড়কজাতকারী প্রতিষ্ঠানের কারখানায় জেলা প্রশাসকের কার্যালয়, র‍্যাব-১১ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কারখানাটি বিএসটিআই লাইসেন্স ছাড়াই অনিবন্ধিত অবস্থায় ভোজ্য তেল মোড়কজাত, সংরক্ষণ ও বিপণন করছে।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং কার্যক্রম পরিচালনার প্রমাণও পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের নামে কোনো বৈধ লাইসেন্স প্রদর্শন করা হয়নি।

এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক মহিন ভূইয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।