নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সরকারি খাল উদ্ধার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে সরকারি খাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই খাল উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় সরকারি খাল দখল করে এক ব্যক্তি দেয়াল নির্মাণ করেছেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে খালের সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙানো হয়। একই সাথে সরকারি খালে নির্মিত দেয়ালটি অপসারণ করা হয়। অভিযান পরিচালনাকালে প্রায় ২.৫ শতাংশ খাল উদ্ধার করা হয়েছে।