আল্লাহ চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো: জামায়াত প্রার্থী সোহেল

আল্লাহ চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো: জামায়াত প্রার্থী সোহেল

সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আবিদুর রহমান বলেন, ‘আল্লাহ তাআলা চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কালচার, বগুড়া তার ব্যতিক্রম নয়।

তিনি আরও বলেন, ‘বিগত ১০-১২ দিনের মাঠের অবস্থা সবার সামনে পরিষ্কার।’

আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, ‘বিভিন্ন জায়গায় মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং গত রাতে তাদের এক কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে।’

বগুড়া যেন নতুন কোনো মাগুরায় রূপান্তরিত না হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা চাই বর্তমান সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু যদি কোনো ইঞ্জিনিয়ারিং চিন্তা করা হয় বা পরিবেশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, তবে আন্দোলন তৈরি হবে।’
এজেন্টদের কেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি জানান, ‘প্রাথমিক তথ্যানুযায়ী কেন্দ্রে এজেন্টরা প্রবেশ করতে পেরেছেন।’

এ দিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণকে ঘিরে সদরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের উপস্থিতি দেখা যায় তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনার উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম।

নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৮৩৫টি বুথ প্রস্তুত করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে এবার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের পুরুষ ও মহিলা কেন্দ্র, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রসমূহ।

রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা ১১ এপ্রিল পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। পাশাপাশি নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করছেন।’

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় এটি শূন্য ঘোষণা করা হয়। এরপরই নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

এবারের উপনির্বাচনে বিএনপি থেকে রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।