পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের মৃত্যু
ফাইল ছবি
কাউনিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহতদের একজন উপজেলার শহীদবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন (৪২)। বুধবার রাত প্রায় পৌনে ১১টার দিকে রংপুর শহরের মর্ডান মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কলেজ গেট এলাকায় ব্যাটারিচালিত অটোর সঙ্গে মাটিবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদা বেগম (৪৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন। তিনি বালাপাড়া ইউনিয়নের খোখাতী গ্রামের বাসিন্দা জাহেদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় অটোর আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন জাহেদুল ইসলাম (৫০), আব্দুর রশিদ (৫৫), সোনালী বেগম (৫০)সহ অন্যরা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ট্রাক্টর ও অটোর সংঘর্ষটি ছিল মুখোমুখি এবং এতে অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।