শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা, আটক ২

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা, আটক ২

প্রতিকি ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মো. শামীম (৪০) নামে ব্যাক্তিকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটের খীল এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত যুবক সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানা গেছে। ইতোমধ্যে এই ঘটনয় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

নিহতের ভাই মো. সেলিম জানান, শামীমের স্ত্রী বুধবার সন্ধ্যায় সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে মুরাদপুরের ভাটের খীল এলাকায় বাবার বাড়িতে যান। শামীমও রাতে সেখানে যান। রাত ৮টার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার পর জাফর ও ইরান নামের দুজনের নেতৃত্বে ৩০- ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীর দল সেখান থেকে শামীমকে তুলে নিয়ে মারতে মারতে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। সেখানে পিটিয়ে গুরত্বর আহত করার পর কুপিয়ে ও  রগ কেটে ফেলে রেখে যায়। পরে পুলিশ গিয়ে শামীমের লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, শামীমের হাত পায়ের রগ কাটা ছিলো। মাথায় গুরত্বর জখম রয়েছে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। যারা হত্যা করেছে এবং আর যিনি হত্যার শিকার হয়েছেন তাদের উভয়ের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে। অর্থের লেনদেন নিয়ে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে যারা হত্যাকান্ডের জড়িত শীঘ্রই আইনের আওতায় আনা হবে। প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা নেওয়া হবে।