চট্টগ্রামে অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার

চট্টগ্রামে অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশায় ঘুরে শয়তানের নিশ্বাসে (চেতনানাশক স্কোপোলামিন) টার্গেট করা ব্যক্তিকে ফাঁদে ফেলে ছিনতাই করে এমন চক্রের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।  

চকবাজার থানা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকাল ৪টার দিকে ওয়াসা মোড় সংলগ্ন রাস্তায় অজ্ঞান পার্টির সদস্য বেলাল উদ্দিন (৪৫), মো. কবির মুন্সী (৩২) সহ আরও একজন সিএনজি অটোরিকশা নিয়ে এসে বাঁধন সরকার (২৭) নামের এক ব্যক্তির ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার নাকের সামনে দেওয়া হয় চেতনানাশক স্কোপোলামিন। 

এ ঘটনায় মামলা দায়ের করা হলে গত বৃহস্পতিবার ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধারসহ আসামি বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ বলেন, গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা বিভিন্ন ধরনের চেতনানাশক, শয়তানের নিশ্বাস বা স্কোপোলামিন দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সাময়িকভাবে অচেতন বা সম্মোহিত মতো করে সর্বস্ব লুটে নেয়। এ ঘটনায় সরাসরি জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।