রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সংগৃহীত ছবি
রাঙামাটির বাঘাইছড়ির জীবতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে মারিশ্যা ব্যাটালিয়নের ২৭ বিজিবির অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবির সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জীবতলী ব্রিজ এলাকায় অভিযানে পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ের জঙ্গলের দিকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মারিশ্যা ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিজিবির এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।