ঝুট ব্যবসার দখল নিয়ে গোলাগুলির ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
মাসুদুর রহমান মাসুদ
নারায়ণগঞ্জে গার্মেন্টসের ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় শিশুসহ দুজন গুলিবিদ্ধ হওয়ার জেরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি কালের কণ্ঠকে বলেন, ‘এখানে পূর্ব থেকেই একজন ব্যবসা করছিল, রাজনৈতিক প্রভাব দেখিয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ পেশিশক্তির মাধ্যমে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, এতে সংঘর্ষ বাদে এবং গোলাগুলির ঘটনা ঘটে। যেখানে একজন শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে।’
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ফতুল্লায় গার্মেন্টসের ঝুট দখলকে কেন্দ্র করে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের দুই গ্রুপ এনায়েতনগর ইউনিয়ন যুবদলের অভি গ্রুপ ও ফতুল্লা থানা যুবদলের মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাদরাসার শিশু ছাত্রসহ দুজন আহত হয়। এ ছাড়া ইট-পাটকেলের আঘাতে আরো ৮ জন আহত হয়েছেন।