কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
ফাইল ছবি
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—অটোযাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নুর আমিনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত শিউলি বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।