লালমনিরহাটে বোনের শাবলের আঘাতে ভাইয়ের মৃত্যু, আটক ২
প্রতিকি ছবি
লালমনিরহাটে চাচাতো বোনের শাবলের আঘাতে আহত সুমনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, শুক্রবার রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাবলের আঘাতে সুমন (৩২) গুরুতর আহত হন।
নিহত সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সোবহান ও তার চাচাতো ভাই আব্দুস সাত্তারের পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে তা মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) সজিব বলেন, সুমন হত্যার অভিযোগে এজাহারভুক্ত দুই আসামি আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।