নাগরিক সেবা নিয়ে প্রথম টাউন হল সভা করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নাগরিক সেবা নিয়ে প্রথম টাউন হল সভা করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সংগৃহীত ছবি

নাগরিক সেবার মানোন্নয়ন, স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং সত্যিকারের গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজধানীর ঢাকা-১৩ আসনে প্রথমবারের মতো উন্মুক্ত টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঘোষণা দিয়েছেন, এখন থেকে প্রতি মাসে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে এ ধরনের টাউন হল সভা নিয়মিত আয়োজন করা হবে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় ঢাকা-১৩ আসনের অন্তর্গত ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার অংশ হিসেবে এই টাউন হল সভা চালু করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে তিনি প্রতি মাসে এলাকাবাসীর সঙ্গে উন্মুক্ত সভা করার ঘোষণা দিয়েছিলেন। রোজার মাস হওয়ায় গত মাসে তা সম্ভব হয়নি, তবে এ মাস থেকে নিয়মিতভাবে প্রতি মাসে এই সভা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী সঠিক ও সত্যিকার গণতন্ত্রের যে স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, তা আমরা এই দেশের মাটিতে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এলাকাবাসীকে নিয়ে টাউন হল সভা প্রতি মাসে চালু রাখব। যতদিন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার থাকবে, আমি জনপ্রতিনিধি হিসেবে যতদিন আছি, ইনশাআল্লাহ প্রতি মাসে এই উন্মুক্ত টাউন হল সভা চালু থাকবে।’

তিনি আরও বলেন, সত্যিকার গণতন্ত্রের চর্চা শুরু হয় এলাকা, মহল্লা ও স্থানীয় পর্যায়ে উন্মুক্ত আলোচনা ও জবাবদিহিতার মাধ্যমে। সেই লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের নিয়ে এই টাউন হল সভার আয়োজন করা হয়েছে। তার ভাষায়, ‘এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে যেন উন্মুক্ত আলোচনা হয়, সেটিই এই টাউন হল সভার লক্ষ্য।’

সভায় প্রতিমন্ত্রী এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সরাসরি শোনেন এবং উপস্থিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান—ডিএনসিসি, ডিএমপি, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস ও ডিপিডিসির কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এলাকার বিভিন্ন সেবার মানোন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় লোকবল কম থাকায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এভাবে কাজ করলে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব হবে।

সভা শুরুর আগে সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন। পরে উন্মুক্ত আলোচনায় বাসিন্দারা মোহাম্মদপুর এলাকার চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, জলাবদ্ধতা, লোডশেডিং, গ্যাস সংকট এবং রাস্তা ও ফুটপাত দখলের মতো সমস্যাগুলো তুলে ধরেন।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানার সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান।