রংপুরে তিন মাদক কারবারি গ্রেফতার

রংপুরে তিন মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

রংপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি কোনাপাড়া এলাকার মহাসেন আলীর ছেলে মো. জিকরুল (৩৫), মাদাইখামারের তহমীর উদ্দিনের ছেলে বেলাল মিয়া (৩৮) ও দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার টিকুর এলাকার রফিতুল্লাহ স্ত্রী সখিনা বেগম (৩৬)।  

রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন, র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দিনাজপুর পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পালিপাড়া গ্রামে দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায় র‌্যাব।

এ সময় তল্লাশীকালে কালো রংয়ের জিপার প্যাকের ভেতরে থাকা ১ হাজার ৭৫৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি জিকরুল, বেলাল ও সখিনা বেগমকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।