লোহাগাড়ায় পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো লোহাগাড়ার চুনতি ফারাঙ্গা এলাকার হাফেজ মো. ইউনুসের মেয়ে আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)।

স্থানীয়রা জানান, হেফজখানায় চাকরির সুবাদে মো. ইউনুস পরিবার নিয়ে উপজেলার কলাউজান ইউনিয়নের খালাসী পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার দুপুরের পর আমেনা ও আয়শা বাসার অদূরে বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে যায়।

গোসলের একপর্যায়ে দুই বোন পানিতে ডুবে যায়। পরে বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গেলে পানির নিচে তার পায়ে একজনের মরদেহের স্পর্শ লাগে। বিষয়টি বুঝতে পেরে তিনি পানিতে নেমে দুই বোনের মরদেহ উদ্ধার করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ আলম বলেন, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।