রংপুরে পাম্পে তেল নিতে গিয়ে হৃদরোগে শিক্ষকের মৃত্যু
প্রতিকি ছবি
রংপুর নগরীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।শনিবার সন্ধ্যায় নগরীর পর্যটন মোড় এলাকার সুরমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। তিনি বালাকুয়ার চওড়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পাশাপাশি তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সুরমা ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন মেহেদী হাসান। এ সময় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের মৃত্যুর বিষয়টি জানা গেছে।