ইসলামাবাদ সংলাপ ব্যর্থ, নতুন প্রস্তাব পুতিনের
ছবিঃ সংগৃহীত।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে রোববার ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাপে পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করতে তিনি প্রস্তুত।
দুই নেতার ফোনালাপের একটি বিবরণ গণমাধ্যমে পাঠিয়েছে ক্রেমলিন।
এতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে এবং স্থায়ী শান্তি অর্জনে মধ্যস্থতার প্রচেষ্টায় আরো সহায়তা করতে চান। তিনি জোর দিয়ে বলেন, সহায়তার জন্য তার প্রস্তুতিও আছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিক তাদের প্রতিবেদনে লিখেছে, ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদে হওয়া আলোচনার বিষয়ে পুতিনকে অবহিত করেন। রাশিয়ার নীতিগত অবস্থান ও মানবিক সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
ফোনালাপে দুই নেতা প্রতিবেশীসুলভ সম্পর্ক আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
রোববার সংস্থাটির পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনুয়ার এল আনুনি ইসলামাবাদ সংলাপের ব্যর্থতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে কোনো সমঝোতায় পৌঁছানোর আরো প্রচেষ্টায় ব্রাসেলস অবদান রাখবে।
এদিকে, শান্তি আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ছেড়েছে বলে জানা গেছে।