নেত্রকোনায় ৬ শ বোতল ফেনসিডিলসহ আটক ২
ছবিঃ সংগৃহীত।
নেত্রকোনায় পুলিশের অভিযানে জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুর থেকে ৬শ বোতল ভারতীয় ফেনসিডিল সদৃশ মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করে দুই কারবারিকে আটক করেছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান।
সকালে দুর্গাপুরের পৌর শহরের বুরুঙ্গা ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান চালিয়ে এই মাদক উদ্ধারসহ দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) ও একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।
ওসি জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুরুঙ্গা ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা চারটি বস্তা থেকে মোট ৬শ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।
মো. কামরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হয়েছি যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে একটি বড় চক্র জড়িত রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিলো। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।