রাউজানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাউজানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ফাইল ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মুহাম্মদ নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। 

রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উরকিরচর মিয়ারঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ নজরুল ইসলাম উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কাপ্তাই রাস্তার মাথাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাপ্তাইগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। গুরুতর আহত অটোরিকশার তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে কর্ণফুলী পরিবহনের আরেকটি বাসেও আগুন দেওয়া হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মামুন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং পরবর্তী সময়ে বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়। ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।